দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, সহায়তা চলবে অব্যাহত: প্রতিমন্ত্রী অমিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সরকারের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রোববার (১২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও সিঅ্যান্ডবি এবং মোহরা এলাকার জলাবদ্ধতা কবলিত অঞ্চল পরিদর্শনের সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রীও তুলে দেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের দুর্ভোগ কমানোকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, আশ্রয় এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমানও উপস্থিত ছিলেন। তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেন।