ইরানের কর্মকাণ্ডে সমুদ্রপথের নিরাপত্তা ঝুঁকিতে, উদ্বেগ প্রকাশ সৌদি আরবের
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক হামলা এবং অন্যান্য পদক্ষেপ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নষ্ট করছে না, আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তাকেও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে এগুলো জাতিসংঘ সনদ, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নীতিমালা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মৌলিক নীতিরও লঙ্ঘন বলে উল্লেখ করেছে রিয়াদ।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলার কারণে আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিকতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে উত্তেজনা বাড়তে থাকলে তা শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয়, বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সৌদি আরবের মতে, বিশ্বের বাণিজ্যিক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো নিরাপদ রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত জরুরি। তাই এসব রুটে হামলা বা অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্যও উদ্বেগের বিষয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও ইরানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সমুদ্রপথের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।