আতিফ আসলামের ঢাকা কনসার্ট ২০২৬: কবে, কোথায়, টিকিটের দাম ও সময়সূচি
বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই আয়োজন আগামী ২৪ জুলাই ২০২৬ রাজধানীতে অনুষ্ঠিত হবে। আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আতিফ আসলাম। সেখানে তিনি ‘ঢাকা – জুলাই ২৪, ২০২৬’ উল্লেখ করে কনসার্টের টিকিট সংগ্রহের তথ্যও শেয়ার করেছেন।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিট এলাকার ক্রিকেটারস একাডেমিতে অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন। ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দর্শকরা তিনটি ক্যাটাগরিতে টিকিট সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করা হবে। মূল কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, চলতি বছরের অন্যতম বড় এই আয়োজন বাস্তবায়নের দ্বারপ্রান্তে তারা পৌঁছে গেছেন। শিল্পী, টিম এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো মানুষের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে বলে তারা বিশ্বাস করেন।
উল্লেখ্য, এই কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রিসহ প্রায় সব প্রস্তুতি শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সৃষ্ট নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সে সময় আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল করা হয়নি; উপযুক্ত সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে আবারও ঢাকার মঞ্চে ফিরছেন আতিফ আসলাম।