বিশ্বকাপে নিজেদের রূপকথার যাত্রা অব্যাহত রাখতে এবার শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া আফ্রিকার দেশটি এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। এবার কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে গত আসরের দুই সেমিফাইনালিস্ট, যেখানে জয়ী দল এগিয়ে যাবে শেষ চারের লড়াইয়ে।
আফ্রিকার বর্তমান চ্যাম্পিয়ন মরক্কোর প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, যারা ২০২২ বিশ্বকাপেও রানার্সআপ হয়েছিল। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের আসরেও ফরাসিরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাঁচ ম্যাচে টানা পাঁচ জয় তুলে নিয়ে তারা প্রতিপক্ষের জালে ১৪ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি।
ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপে। ইতোমধ্যে সাত গোল করে তিনি আবারও গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার সামনে রয়েছেন। তার সঙ্গে উসমান দেম্বেলে, মাইকেল অলিসে এবং ব্রাডলি বারকোলার সমন্বয়ে গড়া আক্রমণভাগ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লক্ষ্য এবার দেশের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।
অন্যদিকে মরক্কো আর শুধু অঘটনের দল নয়, বরং শিরোপার দাবিদার হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। কাতার বিশ্বকাপে স্পেন ও পর্তুগালের মতো পরাশক্তিকে বিদায় করে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া দলটি এবার টানা দ্বিতীয়বার শেষ চারে ওঠার স্বপ্ন দেখছে।
২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়েছে অ্যাটলাস লায়নদের। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা মরক্কো বিশ্বমঞ্চেও নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে। দলের প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, তাদের লক্ষ্য শুধু চমক দেখানো নয়, ধারাবাহিকভাবে বিশ্বের সেরাদের কাতারে জায়গা করে নেওয়া। তার ভাষায়, এই সাফল্য কেবল শুরু, যা আগামী বছরগুলোতেও ধরে রাখতে চান তারা।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠে নামতে পারবেন না। এবারের বিশ্বকাপে তিন গোল করা এই মিডফিল্ডার দলের সর্বোচ্চ গোলদাতা।
গত বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েই ফাইনালে উঠেছিল ফ্রান্স। তাই এবারের ম্যাচে সেই পরাজয়ের জবাব দেওয়ার সুযোগ দেখছে আফ্রিকার প্রতিনিধিরা। তবে ফরাসি কোচ দিদিয়ের দেশম মনে করেন, অতীতের ফলাফল বর্তমান ম্যাচে কোনো প্রভাব ফেলে না। তার মতে, যে দল মাঠে ভালো খেলবে, জয় তারাই পাবে।
দেশম আরও বলেন, মরক্কো এখন অনেক পরিণত একটি দল এবং তারা দারুণ ফুটবল খেলছে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ফ্রান্সকে নিজেদের সেরা খেলাই খেলতে হবে।
সবশেষ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এই দুই দলের আর কোনো মুখোমুখি লড়াই হয়নি। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ফ্রান্স ও মরক্কো ছয়বার একে অপরের বিপক্ষে খেলেছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে ফ্রান্স, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।