ইরানের বদলে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প, বক্তব্য ঘিরে আলোচনা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইরানের নামের পরিবর্তে ভুল করে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ উল্লেখ করেন। তার এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, কয়েক মাস আগে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এ তথ্য প্রকাশ করেছে ইএএসও টুডে।
বক্তব্যে ট্রাম্প বলেন, মাত্র এক ঘণ্টার মধ্যে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয় বলেও তিনি দাবি করেন।
এদিকে জাপানের সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প সম্ভবত বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে ইরানের জায়গায় জাপানের নাম উচ্চারণ করেছেন। সংবাদমাধ্যমটির মতে, এটি ছিল একটি ভাষাগত ভুল, কারণ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী জাপানের সঙ্গে ইরানের কোনো সম্পর্ক ওই ঘটনার প্রসঙ্গে ছিল না।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও জাপান দীর্ঘদিনের কৌশলগত মিত্র। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়াকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে জাপান ইরানের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।
এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র জানায়, আরব সাগরে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৫০০ মাইল দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কাছে একটি ড্রোন আক্রমণাত্মকভাবে এগিয়ে এলে সেটি ভূপাতিত করা হয়। পরবর্তীতে ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার কিছু সময় পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর শুরু হওয়া সংঘাত বর্তমানে চতুর্থ মাসে গড়িয়েছে।