বিশ্বকাপের নকআউট পর্বে টানা লড়াইয়ের পরও আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর—অধিনায়ক লিওনেল মেসির শারীরিক অবস্থা নিয়ে বড় কোনো উদ্বেগ নেই। কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিট মাঠে থাকার পরও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
শেষ ষোলোর রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। কঠিন সেই ম্যাচে ৩৯ বছর বয়সী মেসি পুরো সময় মাঠে ছিলেন। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে তার ফিটনেস নিয়ে সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি হলেও স্কালোনি সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, মেসির শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং দীর্ঘ সময় খেলার পরও মেডিকেল টিমের কাছে কোনো সমস্যার খবর আসেনি। তাই মিশরের বিপক্ষে তাকে শুরুর একাদশে রাখার ক্ষেত্রে আপাতত কোনো বাধা দেখছেন না তিনি।
মঙ্গলবার রাত ১০টায় আটলান্টায় অনুষ্ঠিতব্য শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপ প্রমাণ করেছে যে এখানে কোনো ম্যাচই সহজ নয়। তার মতে, টুর্নামেন্টে বড় দলগুলোকেও প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।
তিনি উদাহরণ হিসেবে ফ্রান্সের কথা তুলে ধরে বলেন, শক্তিশালী দল হওয়া সত্ত্বেও প্যারাগুয়ের বিপক্ষে তাদের ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে। একইভাবে স্পেনও প্রত্যাশামতো আধিপত্য দেখাতে পারেনি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করতে হয়েছে তাদের।
স্কালোনির ভাষ্য, বিশ্বকাপের আগে দলগুলোর যে ফর্ম দেখা গিয়েছিল, মাঠের বাস্তবতা তার চেয়ে ভিন্ন। অপেক্ষাকৃত ছোট দলগুলোও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে, ফলে প্রতিটি ম্যাচই কঠিন হয়ে উঠছে। অনেক অভিজ্ঞ ফুটবলারও এই পরিবর্তিত বাস্তবতা অনুভব করছেন বলে মন্তব্য করেন তিনি।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল বড় পরীক্ষা। মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে প্রতিপক্ষ। এরপর জয় নিশ্চিত করতে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করতে হয় আলবিসেলেস্তেদের, যেখানে মেসিও পুরো সময় খেলেন।
আগামী প্রতিপক্ষ মিশরকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। তিনি বলেন, মিশরের দলে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে এবং দীর্ঘদিন ধরে একই কোচের অধীনে তারা খেলছে। বিশেষ করে দলের অধিনায়ক মোহামেদ সালাহ বিশ্বমানের একজন ফুটবলার, যার বিপক্ষে খেলতে পারা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা।
আর্জেন্টাইন কোচ আরও জানান, সালাহকে ঘিরে আলাদা পরিকল্পনা থাকলেও পুরো মিশর দলকেই সমান গুরুত্ব দিচ্ছে তার দল। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় রেখে সম্মিলিত কৌশলেই ম্যাচে নামবে আর্জেন্টিনা।
ফুটবল বিশ্লেষকদের বড় অংশ এখনও এই ম্যাচে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছেন। তবে স্কালোনির মতে, তাদের দল অতীতের মতো এবারও শিরোপার অন্যতম দাবিদার হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। চারটি ম্যাচে টানা জয় দলকে আত্মবিশ্বাস দিলেও কিছু জায়গায় আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।