বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
আদালতে তদন্ত কর্মকর্তা আফজাল হোসেনকে হাজির করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আফজাল হোসেনসহ মোট ১৭ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।