জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট, বিইউবিটির কর্মকর্তা সাময়িক বরখাস্ত
জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আদেশে বলা হয়েছে, কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলাবিধি লঙ্ঘনের অভিযোগ, বিশেষ করে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে প্রতিষ্ঠানের ‘শূন্য সহনশীলতা’ নীতির পরিপন্থী কর্মকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে অবমাননার অভিযোগে তাকে ৫ জুলাই ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, তদন্ত শেষ হওয়া, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সাময়িক বরখাস্ত কার্যকর থাকবে।
এ ছাড়া বরখাস্তকালীন সময়ে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছে থাকা সব দাপ্তরিক নথি, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পদ দ্রুত রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে জুলাই অভ্যুত্থানকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যসংবলিত একটি ফেসবুক পোস্ট করেন জিনাত জোয়ার্দার রিপা। পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে ওই পোস্টটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়।
ঘটনার বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে তার দপ্তরের দুই সহকর্মী জানান, রিপা বর্তমানে ছুটিতে রয়েছেন এবং বেশ কিছুদিন ধরে নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছেন না।