বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পর্তুগাল। তবে ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ, যেখানে প্রতিপক্ষকে ঘুষি মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াওকে। ম্যাচ চলাকালে চিলির ডিফেন্ডার ইভান রোমানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রাফায়েল। ফাউলের শিকার হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মেজাজ হারিয়ে রোমানকে ঘুষি মারেন তিনি। এর জবাবে রোমানও প্রতিক্রিয়া দেখালে রেফারি দুজনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠান। ম্যাচের শুরুতে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম একাদশে থাকলেও বিরতির সময় তাকে তুলে নেন কোচ। ৩৫ মিনিটে রোনালদো জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। দ্বিতীয়ার্ধে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামা গনসালো গুয়েদেস পর্তুগালের হয়ে প্রথম গোলটি করেন। এরপর ৭৫ মিনিটে দলের ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্দেস। ম্যাচের যোগ করা সময়ে চিলির হয়ে একটি গোল শোধ করেন লুকাস কাপেদা। তবে তার গোলটি পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না এবং শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। আসন্ন বিশ্বকাপে পর্তুগাল রয়েছে ‘কে’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপে আছে কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।