বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবল বিশ্ব যখন উত্তেজনায় মুখর, তখন নিজের অবস্থান স্পষ্ট করেছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা। লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে তিনি নির্দ্বিধায় স্পেনের পক্ষেই সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তার বিশ্বাস, নিরপেক্ষ ও দৃঢ় রেফারিং হলে শিরোপা জিতবে স্প্যানিশরাই।
নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে স্প্যানিশ গণমাধ্যম এল পার্তিদাজো দে কোপে-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার সমর্থন স্পেনের পক্ষেই।’
স্পেনের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান দলটি যথেষ্ট শক্তিশালী। তার মতে, ম্যাচটি যদি রেফারি সঠিকভাবে এবং দৃঢ়তার সঙ্গে পরিচালনা করেন, তাহলে স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে রেফারির কর্তৃত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লাপোর্তার এই মন্তব্য ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এবং ক্লাবটির সবচেয়ে বড় কিংবদন্তিদের একজন। তবে জাতীয় দলের প্রশ্নে লাপোর্তা নিজের দেশের প্রতিই সমর্থন জানিয়েছেন।
সাক্ষাৎকারে একটি হালকা মুহূর্তও তৈরি হয়। উপস্থাপক হুয়ানমা কাস্তানিও লাপোর্তার পরা ব্লেজারকে সাদা রঙের বলে উল্লেখ করলে তিনি হাসতে হাসতে সংশোধন করে বলেন, ‘এটা সাদা নয়, আইভরি রঙের।’
রোববারের বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী বার্সেলোনা সভাপতি। এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে তার এই ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হয়।