নাটোরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল সরদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শাকিল সরদার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নাওপাড়া গ্রামের রবিউল সরদারের ছেলে। লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নি.) মো. মনিরুল ইসলাম, এসআই (নি.) মো. শাহিনুর রহমান এবং এএসআই (নি.) মো. আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মো. শাকিল সরদারের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাকিল সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।