আশুরার রোজা উপলক্ষে ২৫ ও ২৬ জুন রোজা রাখার আহ্বান আজহারীর
পবিত্র আশুরা উপলক্ষে মুসলমানদের ৯ ও ১০ মহররমে রোজা পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা Mizanur Rahman Azhari। বুধবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখার ভিত্তিতে ২৫ জুন বৃহস্পতিবার ৯ মহররম এবং ২৬ জুন শুক্রবার ১০ মহররম (আশুরা) পালিত হবে। তাই ধর্মপ্রাণ মুসলমানদের বুধবার রাতেই সাহরি খেয়ে রোজার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
আশুরার রোজার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে আজহারী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার পর দেখেন, ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। কারণ জানতে চাইলে তারা বলেন, এ দিন আল্লাহ তাআলা হজরত মুসা (আ.) ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এ উপলক্ষে তারা রোজা রাখে। তখন রাসুল (সা.) বলেন, মুসা (আ.)-এর সঙ্গে মুসলমানদের সম্পর্ক তাদের চেয়েও বেশি ঘনিষ্ঠ। এরপর তিনি নিজে আশুরার রোজা রাখেন এবং সাহাবিদেরও রোজা পালনের নির্দেশ দেন। (সহিহ মুসলিম: ২৫২৭)
তিনি আরও উল্লেখ করেন, প্রথমদিকে শুধু আশুরার দিন রোজা রাখা হলেও পরবর্তীতে মহানবী (সা.) ৯ মহররমসহ দুই দিন রোজা রাখার ইচ্ছা প্রকাশ করেন। সাহাবিরা যখন বলেন যে ইহুদি ও খ্রিস্টানরাও এ দিনটিকে গুরুত্ব দেয়, তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, “ইনশাআল্লাহ, আগামী বছর আমরা ৯ মহররমও রোজা রাখব।” (সহিহ মুসলিম: ১১৩৪)
এ কারণে আশুরার রোজা পালনের ক্ষেত্রে ৯ ও ১০ মহররম একসঙ্গে রোজা রাখা উত্তম বলে ইসলামি স্কলাররা মত দিয়ে থাকেন।