কিশোরগঞ্জে কাঁঠাল খাওয়া নিয়ে ঝগড়ায় ছেলের হাতে বাবা খুন
কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৬০)। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী পলাতক বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভুঁইয়া জানালেন, বাড়ির গাছের কাঁঠাল নিয়ে বুধবার সন্ধ্যায় রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথাকাটাকাটি হয়। পরে তাকে ঘরের মেঝেতে ফেলে কিল-ঘুষি দেন আলম ও তার স্ত্রী। এতে রাজ্জাক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আলম ও তার স্ত্রী রেখা বেগমের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।